বাংলা সিনেমার চালচিত্র, প্রথম খণ্ড।। সংকলন, গ্রন্থনা, ভাষ্য : ঋদ্ধি রিত।। সুপ্রকাশ।।

"স্মৃতিমেদুরতা পছন্দ করতেন না মৃণাল সেন। নিজের কাজ গুছিয়ে রাখবার আগ্রহ ছিল না, বরং অনীহাই ছিল সেই কাজের স্বীকৃতিকে প্রদর্শন করবার। ছবির প্রতি তাঁর নিজের মন এবং দেখার চোখ অজান্তেই তৈরি হয়েছিল শৈশবে। দেখার বীজ বপন করেছিলেন চার্লি চ্যাপলিন। 'দ্য কিড' যখন দেখেছিলেন, তখন তিনি নিজেই বালক। স্বপ্নেও ভাবেননি একদিন তিনি নিজেই ক্যামেরার পিছন থেকে নির্দেশ দেবেন। তাই, মৃণাল সেনের সিনেমা নিয়ে আলোচনা করতে গেলে প্রথম যে বিষয় নজরে রাখতেই হয়, তা হল মৃণাল সেনের চার্লি চ্যাপলিন প্রেম। একাধিক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, চ্যাপলিনের জন্যই তাঁর পরিচালকের জীবনে পা রাখা। 'The Great Dictator' সিনেমায় চ্যাপলিন বলছেন, "... You are men! You have the love of humanity in your heart. Soldiers! Do not fight for slavery. fight for liberty. You the people, have the power, the power to create machines, the power to create happiness. You people have the power to make this life a wonderful adventure..."

চ্যাপলিনের মতো মৃণালও বিশ্বাস করতেন ঘৃণা মুছে যাবে, স্বৈরাচারীরা থাকবে না। যে ক্ষমতা তারা মানুষের থেকে কেড়ে নিয়েছিল, তা আবার ফিরে আসবে মানুষের কাছেই। মানুষ স্বৈরাচারী নয়, তারা ভালবাসতে জানে। পরিচালকও তাই তাঁর সিনেমায় দাসত্বের থেকে বেরিয়ে এসে স্বাধীনতার জন্য লড়তে বলেছেন। তিনি মানতেন জীবনকে এক বিস্ময়কর অভিযানের মধ্যে দিয়ে স্বাধীন ও সুন্দরে পরিণত করার ক্ষমতা জনগণের ছিল, আছে, থাকবে। আর তাই সেই সময়কার প্রায় প্রতিটি ছবিতেই গণতন্ত্রের বকলমে রাষ্ট্র বা আইন আদালতের শাসন নিয়ে প্রায়ই প্রশ্ন তুলতেন তিনি।

শীতল যুদ্ধের পৃথিবীতে স্বাধীন চলচ্চিত্র ছিল দিনবদলের হাতিয়ার। ফার্নান্দো সোলানাস-এর ভাষায় Cinema as Gun। ১৯৬৮ থেকে ১৯৭৮— সারা পৃথিবীর এক উত্তাল রাজনৈতিক সময়। মৃণাল সেনের 'কলকাতা ৭১'-এর সাথে চিলির প্যাট্রিসিয়ো ওসমানের 'দ্য ফার্স্ট ইয়ার' মিলেমিশে যাচ্ছে, তখন ওসমান জেলবন্দি। ১৯৭৩ সালে জার্মানির ম্যানহাইম চলচ্চিত্র উৎসবের জুরি-সভাপতি মৃণাল সেন। উৎসবের শেষদিনে চিলির মিলিটারি জুন্টার বিরুদ্ধে একত্রিত রেজোলিউশন পাঠ করলেন সমস্ত জুরিরা, গুসমান-এর নিঃশর্ত মুক্তির দাবিতে।

১৯৭৩ সালে বার্লিন ফোরামে মৃণালের সঙ্গে আলাপ হয় আর্জেন্টিনার পরিচালক গ্লেজিয়ের-এর। ট্রেড ইউনিয়ন আন্দোলনের লিফলেট বিলি করছিলেন গ্লেজিয়ের। তাঁর ছবি 'দ্য ট্রেটর' এক ট্রেড ইউনিয়ন নেতার জীবনের সত্য অবলম্বনে তৈরি। তার কিছুদিন পরে বুয়েনোস আইরেসের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে খু.ন করা হয়েছিল তাঁকে।

ব্রাজিলের গ্লবার রশা র বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল কেস সাজানো হচ্ছে, এর মধ্যেই তিনি তৈরি করছেন 'লায়ন হ্যাজ সেভেন হেডস'। বলিভয়ার হোর্হে সানসিনেস-এর 'ব্লাড অফ দ্য কনডোর', আর্জেন্টিনার সামরিক শাসন, স্পেনের গৃহযু.দ্ধ, লাতিন আমেরিকার ভয়াবহ ঔপনিবেশিক যন্ত্রনা থেকে সোলানাস-এর 'আওয়ার অফ দ্য ফার্নেসেস'! তাঁর বিখ্যাত লাইন, We fear peace more than war! নিও-কলোনিয়ালিজম এর প্রতিক্রিয়া,

My first name : VICTIM

My sumame : HUMILIATION

My condition : REBEL

ঠিক যেমন 'কলকাতা ৭১'-এর শুরুতেই পর্দায় ভেসে ওঠে,

'আমি পায়ে পায়ে হেঁটে চলেছি
হাজার বছর ধরে
দেখছি
ইতিহাস
দারিদ্র্যের ইতিহাস
বঞ্চনার ইতিহাস
শোষণের ইতিহাস'
.
.
.
বাংলা সিনেমার চালচিত্র, প্রথম খণ্ড
সংকলন, গ্রন্থনা, ভাষ্য : ঋদ্ধি রিত

প্রচ্ছদ ও সজ্জা : ঋদ্ধি রিত

মুদ্রিত মূল্য : ৬০০ টাকা

সুপ্রকাশ

Comments

Popular posts from this blog

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

লেটারপ্রেসের কম্পোজিটর।। এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।