হাফ প্যাডেলের কাল।। অর্দ্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত অর্দ্ধেন্দুশেখর গোস্বামীর স্মৃতিকথা 'হাফ প্যাডেলের কাল' পড়ে লিখেছেন আসিক ইকবাল। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
....................................................
বই :হাফ প্যাডেলের কাল 
লেখক :অর্ধেন্দুশেখর গোস্বামী 
মুদ্রিত মূল্য :৪০০/
প্রকাশক : সুপ্রকাশ  
প্রচ্ছদ:সুলিপ্ত মন্ডল 
পৃষ্ঠা :২৪৯টি 

এই ধরণের আত্মজীবনীমূলক লেখা শেষ পড়েছিলাম স্মরণজিৎ চক্রবর্তীর 'ঝাল লজেন'। এই লেখাটিও সেই আত্মজীবনীমূলক বা স্মৃতিচারণামূলক একটি লেখা। এই ধরণের লেখা গুলো নিয়ে বেশি কিছু বলা যায় না, শুধু গোগ্রাসে গিলতে হয়, আর অজান্তেই আপনিও হারিয়ে যাবেন নিজের নস্টালজিক শৈশবের অন্তরালে।
আমরা যারা শৈশব পেরিয়ে কৈশোরে সাইকেল চালাতে শিখেছি, তাদের কাছে বেশিরভাগই বাবা কাকাদের সেই বড়ো সাইকেলই ছিল একমাত্র ভরসা। এখন তো সাইকেলের নানা রকমফের। কালের নিয়মে সেই বড়ো সাইকেল গুলো আজ অবলুপ্তির পথে। তবে বড়ো সাইকেল গুলোয় সিটে বসা যেত না, ফলত ঠুক ঠুক করে হাফ প্যাডেলেই চালাতে হত, বালকও তেমন করেই চালাতে শিখেছে। তবে সে সাইকেল হাতে পেত না খুব একটা।
লেখক এই লেখার মাধ্যমে একজন ভালো ছাত্রের বিবরণ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। মূলত ষাটের দশকের সমাজ, সংস্কার তথা সমাজের একটা সুস্পষ্ট চিত্র কলমের আঁচড়ে ফুটে উঠেছে। বালকের স্কুল জীবন, মেসের জীবনযাপন, তার শিক্ষা, একান্নবর্তী পরিবার সবকিছু উঠে এসেছে পর্যায়ক্রমে 
তার সাথে সেই সময়ের মেদিনীপুর আর দুর্গাপুরকে চেখে দেখার সুযোগ পাঠককে বিশেষ ভাবে মোহিত করে। আলোচনা প্রসঙ্গে এসেছে ভারত-চীন যুদ্ধের কথাও।
পড়তে পড়তে কখনো মন খারাপ আবার কখনো ভালো লাগা। লেখায় গতি ছিল বেশ। ঝরঝরে হালকা মেজাজের লেখা। বইয়ের কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ নেই। উপরন্তু এমন প্রচ্ছদ প্রশংসার দাবি রাখে, ভিতরের অলঙ্করণ গুলোও বেশ দারুন লেগেছে। 
মনে পড়ছে আপনার প্রথম সাইকেল চালানোর কথা?? মনে পড়ছে আপনার ক্লাস সিক্স সেভেনের বাংলা কিংবা ইংরেজি ক্লাস গুলোর কথা? মনে পড়ছে আপনার লুকিয়ে পড়া প্রথম গল্পটার কথা?মনে পড়ছে পুকুরে সাঁতার কাটার কথা?মনে পড়ছে আপনার হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন থাকার মুহূর্তের কথা?মনে পড়ছে আপনার জীবনের প্রথম বন্ধুর কথা? পড়ছে হয়তো, তবে একটু ম্লান ভাবে। তাহলে সেই হারিয়ে যাওয়া নস্টালজিক দিনগুলিকে আর একবার ঝালিয়ে নিতে পড়ে ফেলতে পারেন 'হাফ প্যাডেলের কাল'।

Comments

Popular posts from this blog

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

লেটারপ্রেসের কম্পোজিটর।। এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।