নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।।

 সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'নৈশ অপেরা' পড়ে মতামত জানিয়েছেন শ্রী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
...............................................
বই : নৈশ অপেরা
ধরণ : রহস্য উপন্যাস 
লেখক : শাক্যজিৎ ভট্টাচার্য 
প্রকাশক : সুপ্রকাশ 
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী 
মুদ্রিত মূল্য : ৫৪০ টাকা 
পৃষ্ঠা সংখ্যা : ৪১০
পাঠ অনুভূতি : শ্রী 

"স্মৃতি যা আ--ত--তা-য়ী-র আনুগত্যে এবং বিশ্বাস-ঘা--তকের মসৃণতায় নিজেকে প্রশ্নময় রাখে, তাকে হ---ত্যা করা পাপ | আপনারা মনে রাখুন, মনে রাখুন, এবং মনে রাখুন |" 

এই মনে রাখা, স্মৃতির অবিশ্রান্ত কোলাহলের বিস্মৃত আদিম গহ্বর থেকে উঠে আসা এক বেদনা বিজড়িত আখ্যান যাকে হয়তো পুরোপুরি রহস্য গল্প বলে দাগিয়ে দেওয়া যায়না | কারণ রহস্য তার আকর হলেও বিষাদ তার  ভাব, তার ছন্দ, স্মৃতির বিবর্ণতায় তার পূর্ণতার প্রকাশ | 

এর আগে লেখকের "শেষ মৃত পাখি" পড়েছি | পড়েছি "একানড়ে" | এবং তাতে যা বুঝেছি, হয় এই লেখার ধরণ আপনার প্রচন্ড ভালো লাগবে অথবা একেবারে অসহ্য | এর মাঝামাঝি কিছু হতে পারেনা | 

উপন্যাসের প্রতি পাতায় মিশে আছে বিশুদ্ধ মেলানকলির ছোঁয়া | যা আপনাকে আচ্ছন্ন রাখে, মোহাবিষ্ট করে তোলে ক্রমশ | কাহিনীর চরিত্র অ্যাগনেসের ডায়রির লেখার মতো উপন্যাসেরও বেশ কিছু জায়গার স্টাইলকে আমার নিজের অন্তত ব্যক্তিগতভাবে ভীষণ ক্রিপটিক মনে হয়েছে | অর্থাৎ, আপাতদৃষ্টিতে দেখতে গেলে অগোছালো, একঘেয়ে ভারাক্রান্ত স্মৃতিচারণ | কিন্তু গভীরতায় ডুব দিয়ে খুঁজলে প্রতিটা বিষাদ, প্রতিটা শব্দ তার নিজস্ব অর্থবহন করে |

আক্ষরিক অর্থে রিভিউ বলতে যা বোঝায় এই উপন্যাসের ক্ষেত্রে তা দেওয়া অসম্ভব | লিখতে গেলে উঠে আসে শুধু মুঠো মুঠো অগোছালো ভালো লাগা অথবা কে জানে নিছকই দুঃখের ভার বয়ে নিয়ে চলা বিরামহীন শব্দ | 

জোহার-হালে, গঞ্জ, জলাভূমি, স্যাঙচুয়ারি আর তাদের ঘিরে আবর্তন করে চলা ক্রমঘুর্ণায়মান এই সমস্ত চরিত্ররা যেন আসলে আমাদের নিজের নিজের আত্মার বহিঃপ্রকাশ | যারা কখনও স্মৃতির গলা-পচা-মৃ*ত কবরের বুক চিরে উঠে আসতে পারেনি কোনোদিন | আমরা ঘুরে চলি এবং ঘুরে চলি ক্রমাগত, সেই এক এবং একই বেদনাকে কেন্দ্র করে | মানুষ আসলে অকারণ হৃদয় খুড়ে বেদনা জাগাতেই ভালোবাসে হয়তো | যে রহস্যের উত্তর জানলে বিপর্যয় সুনিশ্চিত, সেই রহস্যের আবছায়ার নীচে পরম নিশ্চিন্তে দাঁড়িয়ে আমরা তারই একটা একটা করে গ্রন্থি উন্মোচন করি রোজ | 

জীবন আসলে নিজেই রহস্যের বিরাট একটা আকরগ্রন্থ, যার সবটাই আসলে পড়া বাকি | শেষ পাতা অবধি না পড়েই পিছু হটি আমরা, পালিয়ে যেতে চাই বুনোহাঁসের মতো সাইবেরিয়ার বুকে | কিন্তু পালানো যায় কি ? তনয়ার মতো ফিরে আসতে হয় বারবার | ফিরে আসতে হয় জোহার-হালেতে, জলাভূমির মৃ*ত কবরের বুকে, 
ডেগাডেগি নদীর ধারে ভূতগ্রস্ত জঙ্গলের আবছা স্মৃতিতে |

Comments

Popular posts from this blog

অভিমানভূম।। শুভদীপ চক্রবর্ত্তী।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

নৈশ অপেরা।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

লেটারপ্রেসের কম্পোজিটর।। এক বিষাদান্ত পরম্পরা।। অনন্ত জানা।। সুপ্রকাশ।।