বৃক্ষমানুষের ছায়া।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।।

সন্ধ্যা-বাতাসকে সঙ্গী করে বিষাণের গানের সুর ছড়িয়ে পড়ছিল। পরিষ্কার আকাশে কৃষ্ণা-দ্বাদশীর চাঁদ উঁকি দিচ্ছিল, নদীর দিক থেকে ভেসে আসছিল ভুটভুটির ক্ষীণ আওয়াজ— 

ভেন্না কাষ্ঠের নৌকা খানি মাঝখানে তার বুরা, 
নৌকার আগার থেকে পাছায় গেলে 
গলুই যাবে খইয়া রে, 
মাঝি বাইয়া যাও রে 
অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে 
মাঝি বাইয়া যাও রে।

বিষাণের বউয়ের কথা অনুযায়ী বিষাণ অনেকদিন পরে গান গাইছে। কিন্তু, সুনন্দ বা গৌর কারোর সেকথা মনে হলো না। সুর লেগে গেছে— দরদে গানের কথাগুলো যেন অবয়ব পেয়ে জেগে উঠছে— 

দীক্ষা শিক্ষা না হইতে আগে করছ বিয়া, 
তুমি বিনা খতে গোলাম হইলে 
গাইটের টাকা দিয়া রে 
অকূল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে
মাঝি বাইয়া যাও রে।

এমন ব্যথার সুরে কার কথা বলছে বিষাণ? গৌর এটুকু বুঝলেন অনুভবের শুদ্ধতার সঙ্গে বাণী আর সুরের সংগতি না-ঘটলে এমন গান গাওয়া যায় না।

গৌর আর সুনন্দ লক্ষ করলেন— ঘরের দাওয়ায় বিষাণের বছর যোলোর নাইটি-পরা রোগা মেয়ে টুনা এসে দাঁড়িয়েছে। দাওয়ার একপাশে ঠোঁটের কোলে তর্জনী রেখে বিষাণের বউ স্বামীর গান শুনছে! তার মাথার ঘোমটা কাঁধ আর গলা বেড় দিয়ে মূর্ছিত হয়ে পড়েছে— গৌরব-তৃপ্ত তার চোখ-মুখ।

বেড়ার বাইরের পথ দিয়ে যেতে যেতে কোনো কোনো পথচলতি পাড়ার লোক গান শুনে থমকে দাঁড়িয়ে হঠাৎই সচকিত-ত্রস্ত পায়ে পেরিয়ে যাচ্ছে জায়গাটুকু। আর, কী আশ্চর্য— গান শেষ হতে হতে দেখা গেল কেউ কেউ দাঁড়িয়েও আছে, আর নড়তে পারেনি। কিন্তু, একটা বছর-কুড়ির ছেলে ভাঙা বেড়ার ঠিক বাইরে ঠায় দাঁড়িয়ে আছে। নড়ছেও না, চড়ছেও না। সুনন্দর তো মনে হলো ছেলেটি ঠিক গান শুনছে না। অন্য-কোনো টানে তার এই নিষ্কম্প অবস্থান। সুনন্দ বুঝলেন, এর মধ্যে কোথাও কোনো স্বপ্নদর্শনের ব্যাপার আছে। বিষাণের গানের সঙ্গে হকিম আলি ফকির নিজের কোলে রাখা দোতারাটা বাজিয়ে কখন যেন শিষ্যের গানের সঙ্গে গলা মিলিয়ে দিয়েছেন—

মাঝি বাইয়া যাও রে
অকূল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে 
মাঝি বাইয়া যাও রে।

...................................
বৃক্ষমানুষের ছায়া
দুর্লভ সূত্রধর
...................................
অলংকরণ : অদ্বয় দত্ত
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী

মুদ্রিত মূল্য : ৩৬০ টাকা

সুপ্রকাশ প্রকাশিতব্য

Comments

Popular posts from this blog

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

অনন্যবর্তী।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

আহাম্মকের খুদকুড়ো।। দুর্লভ সূত্রধর।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।