হামারটিয়া।। শাক্যজিৎ ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত শাক্যজিৎ ভট্টাচার্যের উপন্যাস 'হামারটিয়া' পড়ে মতামত জানিয়েছেন সায়ন্তন গোস্বামী। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
............................................
গোয়েন্দা উপন্যাস হামারটিয়া পড়লাম। আমার পড়া লেখকের তৃতীয় বই। হ্যান্ডস ডাউন আমার পড়া সর্বকালের শ্রেষ্ঠ কুড়িটা লক্ড রুম মার্ডার মিস্ট্রির অর্থাৎ বদ্ধ ঘর হত্যারহস্যের বইয়ের তালিকায় এটা আরামসে থাকবে। শেষ মৃত পাখির চেয়ে এই বইটা অনেকটা এগিয়ে। ভাবতে খুবই ভালো লাগছে যে বাংলাভাষায় এমন রহস্য উপন্যাস লেখা হয়েছে এবং সেটা এই জঁরার স্ট্যান্ডার্ড বিদেশি নভেলের সমকক্ষ। ক্রিস্টি আর হিগাশিনোর অনস্বীকার্য প্রভাব থাকলেও সেটা লেখকের ডিস্ক্রেডিট বলে ধরছি না। বরং উনি একটি পোক্ত, সাবলীল, গতিময়, স্বচ্ছ ভাষায় নয়ের দশক এবং দু'হাজার চব্বিশের কলকাতার ভাগৌলিক দৈনন্দিনতাকে প্রাণবন্ত করেছেন মৌলিক আখ্যানে। শুধু একটা কথা বলব যে জন ডিকসন কারের জুডাস উইন্ডোর (১৯৩৮) হুবহু পরিস্থিতি এই উপন্যাসে লেখক নিজের মতো করে পরিবেশন করেছেন, যখন মৃতদেহ আবিষ্কৃত হয়। এটা আমার স্পেসিফিক নিরীক্ষা, কোনো ক্রিটিকাল মন্তব্য নয়। সমান্তরালে যুক্তিনির্ভর পদ্ধতিগত তদন্ত, মনস্তাত্ত্বিক পর্যালোচনা, গ্রীক ক্লাসিক্সের নির্যাস, আর স্মৃতিকেন্দ্রিক তথ্যের পুনর্নির্মাণে লেখক উল্লেখযোগ্য মুনশিয়ানা দেখিয়েছেন। মহামতি অ্যারিস্টটলের পোয়েটিক্সের কিয়দাংশ দর্শনের প্রয়োগ আছে। এই সূত্রে আম্বের্তো একোর লেখা মধ্যযুগীয় হত্যারহস্য প্রবাদপ্রতিম নেম অফ দা রোজ (১৯৮০) বইটিতে আরো বিশদে এবং পূঙ্খানুপুঙ্খ ব্যাখ্যায় পোয়েটিক্সের প্রসঙ্গ মনে আসে। হামারটিয়ার শেষের দিকে যখন রহস্য উদঘাটন করার প্রক্রিয়া চলছে, তদন্তকারী ব্যক্তির স্বগতোক্তিতে একটিমাত্র নির্দিষ্ট মিসইন্টারপ্রেটেশন খুব স্ট্রাইকিং মনে হয়েছে কারণ এসেন্সে এই একইরকম (কিন্তু অন্য ফর্মে) মিসইন্টারপ্রেটেশন দারিয়ো আর্জেন্তোর ডেবিউ জিয়াল্লো ফিল্ম দা বার্ড উইদ দা ক্রিস্টাল প্ল্যুমেজে (১৯৭১) আছে। পড়তে-পড়তে এমনও মনে হয়েছে, যা সম্পূর্ণভাবে লেখকেরই মেরিট, যে কোনো এক সময়ে তাঁর ব্যক্তিগত জীবনচর্যার জটিলতার কয়েক টুকরো লেখায় সচেতনভাবে ঢুকেছে। লেখাটিতে জাদুবাস্তবতার একটা মিহি কারুকাজ প্রশংসনীয়। যাঁরা রহস্য উপন্যাসের উপধারা লক্ড রুম মিস্ট্রিতে আগ্রহী, তাঁদের এই বইটা অবশ্যই পড়তে বলব। বাংলাভাষায় লেখা রহস্য উপন্যাসগুলোর মধ্যে এটা নির্দ্বিধায় একটা কালেক্টর্স আইটেম।
হামারটিয়া
শাক্যজিৎ ভট্টাচার্য
সুপ্রকাশ
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
Comments
Post a Comment