পলাশবাড়ি।। শুভদীপ চক্রবর্ত্তী।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

সুপ্রকাশ প্রকাশিত শুভদীপ চক্রবর্ত্তীর উপন্যাস 'পলাশবাড়ি' পড়ে মতামত জানিয়েছেন দীপঙ্কর দাস। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
.....................................................
পলাশবাড়ি
শুভদীপ চক্রবর্ত্তী
সুপ্রকাশ প্রকাশনা 
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা

একটি জুটমিলকে কেন্দ্র করে গড়ে ওঠা এক মফস্বল শহর দরদী। সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে বাংলার রাজনৈতিক পটপরিবর্তনকে সাক্ষী রেখে ধীরে ধীরে বদলে যেতে থাকে এই একরত্তি শহরের চেনা মুখ, চেনা ছন্দ। এই গল্পের কেন্দ্রে রয়েছে একটি বাড়ি। যাকে সকলে পলাশ বাড়ি নামে জানে। 

ছোটবেলায় এক দুর্ঘটনায় বাবা-মাকে হারায় রুকু। স্থানীয় অভিভাবক অনঙ্গ মাস্টারের হাত ধরে তার জীবন নতুন পথে চলতে শুরু করে। প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে রুকু নিজেকে আবিষ্কার করে। কিন্তু অনঙ্গ মাস্টারের মৃত্যুর পর রুকুর সেই আশ্রয়ও অনিশ্চিত হয়ে পড়ে।

অনঙ্গর ছেলের নাম ভুজঙ্গ বোস। এক উঠতি রাজনীতিক, এলাকার সিন্ডিকেটের মাথা সে। তার নজর পড়ে রুকুর স্কুলবাড়ি আর পলাশবাড়ির ওপর। ভয়, ক্ষমতা আর টাকার খেলায় একে একে দখল হয়ে যায় জুটমিলের ইউনিয়ন, বদলে যায় দরদীর চরিত্র। 

এই উত্তাল সময়েই রুকুর সঙ্গে আলাপ হয় দীপনের। যে ভুজঙ্গ বোসের ডানহাত। তার জন্য কাজ করা এক ডাকাবুকো মস্তান। এক অঘটনের ফলে তাদের মধ্যে তৈরি হয় ভুল বোঝাবুঝি, দূরত্ব। 

কিন্তু গল্প মোড় নেয় তখনই, যখন ভুজঙ্গ বোস পলাশবাড়ি দখল করতে চায়। সেই সময় রুকু আর পলাশবাড়ির মাঝখানে এক অদ্ভুত দেওয়াল হয়ে দাঁড়ায় দীপন।

তারপর গল্পটি উপসংহারের দিকে বাঁক নেয় এক মর্মস্পর্শী পথে হেঁটে। পাঠকের হয়তো জানতে ইচ্ছে করবে রুকু আর দীপনের শেষ পর্যন্ত কী হবে! যে সম্পর্কে কিছু হওয়ার অপেক্ষা রাখে না, সেই সম্পর্কগুলোই বোধহয় সবচেয়ে নিখুঁত হয়ে থেকে যায় পাঠকমনে। 

ভালোবাসা, ভুল বোঝাবুঝি, ক্ষমতা আর প্রতিরোধের যে প্রচেষ্টা, তা এই গল্পের নকশিকাঁথার ইতিউতি ছড়িয়ে রয়েছে। তবে উপন্যাসের শেষটা মন ছুঁয়ে গেছে।

পলাশবাড়ি একটি ছোট্ট অথচ অসাধারণ উপন্যাস। প্রথমে নিতান্ত সাধারণ মনে হলেও গল্প যত এগোবে, তত যেন মনে হবে এই সাধারণত্বের মাঝেই লুকিয়ে রয়েছে অসাধারণ কিছু।
  

Comments

Popular posts from this blog

এক যে ছিল গ্রাম।। অর্ধেন্দুশেখর গোস্বামী।। সুপ্রকাশ।।

চেতনার পথ জুড়ে শুয়ে আছে।। অনির্বাণ সিসিফাস ভট্টাচার্য।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।

নষ্ট চাঁদের আলো।। অলোক সান্যাল।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।