হাফ প্যাডেলের কাল।। অর্দ্ধেন্দুশেখর গোস্বামী।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত অর্দ্ধেন্দুশেখর গোস্বামীর স্মৃতিকথন 'হাফ প্যাডেলের কাল' পড়ে পাঠ-প্রতিক্রিয়া জানিয়েছেন শাফিন মাসফিকুল আলম। আমরা তাঁর অনুমতি নিয়ে আমরা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি। অধিকাংশ ভালো বই আন্ডাররেটেড কেন, পাঠকের ভাবা প্রয়োজন। ............................................................................................................ এই লেখক কোথাও একবার লিখেছিলেন— শৈশব ও শৈশবোত্তর সময়ের কিছু কিছু স্মৃতি নিউরনের কোষে কোষে প্রস্ফুটিত ফুল হয়ে বসত করে। আজীবন সঙ্গী এই স্মৃতিমালার হাত থেকে নিস্তার পেতে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় মানুষকে। তবে কিছুটা স্বস্তি মেলে যদি এগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। হয়তো এ জন্যই তাঁর কলমে রচিত হয়েছে— হাফ প্যাডেলের কাল। খুবই মায়াকাতর এই লেখা। লেখক অর্দ্ধেন্দুশেখর গোস্বামী উপন্যাসের আঙ্গিকে লিখেছেন তাঁর বালক বয়সের কয়েক বছরের স্মৃতি। সময়কাল ষাটের দশক। লেখক গ্রাম ভালুকখুল্যা থেকে দুর্গাপুর এসেছেন তাঁর দাদা গোস্বামীবাবুর কাছে থেকে স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে। গোস্বামীবাবু চাকরি করেন ডিভিসি, এক সরকারি সংস্থায়, থাকেন এর জন্য নিয...