সকলই গরল ভেল।। গৌরভ বিশ্বাস।। সুপ্রকাশ।। পাঠপ্রতিক্রিয়া।।
সুপ্রকাশ প্রকাশিত গৌরব বিশ্বাসের নন-ফিকশন 'সকলই গরল ভেল' পড়ে লিখেছেন শুভেন্দুবিকাশ ভট্টাচার্য। আমরা তাঁর অনুমতি নিয়ে নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করছি।
...........................................
সকলই গরল ভেল
গৌরব বিশ্বাস
সুপ্রকাশ
২৮০ টাকা
.
প্রথম প্রথম ফেসবুকেই ছোটখাটো লেখা দিয়ে নজর কেড়েছেন গৌরব বাবু।
বাংলা সাহিত্যের সঙ্গে কবরখানার হারিয়ে যাওয়া রূপকথার সঙ্গত করতেন।কখনো প্রেম কখনো অপরাধ রিরংসা কখনো অপ্রেম ঐ মাটির নিচে চাপা পড়ে থাকা অনেক যুগ আগেকার গল্প দ্বিতীয়বার ময়নাতদন্তের মতো খুঁড়ে এনে আমাদের পরিবেশন করেছেন।
কিন্তু গৌরব বাবুর কোন বই ছিল না।তাই এবারের বইমেলায় ওঁর লেখা "সকলই গরল ভেল" পেয়ে সংগ্রহ করতে আর দ্বিধা করিনি।
তারপর এক নিঃশ্বাসে পড়া।পড়ে ফেলার এক সপ্তাহ পরেও রেশ কাটতে চাইছে না।
ভাবলাম সবার সঙ্গে ভাগ করে নিই।
প্রথমেই দারুণ লাগে প্রচ্ছদের কালকূটের কৌটো। সৌজন্যে সৌজন্য চক্রবর্তী।
প্রোডাকশন বাঁধাই সুপ্রকাশের অনবদ্য।১৫২ পাতার সাহিত্যরস সম্পৃক্ত ছোট্ট বইটির মুদ্রিত মূল্য ২৮০ টাকা মাত্র।
এবার আসি মূল কথায়। গল্প নয় সত্য ঘটনা,গল্পের থেকেও রোমাঞ্চকর। প্রেমের শহর আগ্রা। আগ্রাসী প্রেমের কবলে পড়ে জোড়া খুন।
একটি দীর্ঘমেয়াদী বিষ প্রয়োগ।যে রহস্যের ওপর কবর পড়ে যাওয়ার এক বছরের মধ্যে আরেকটি খুন। মোটা দাগের কাঁচা হাতের আনপ্রোফেশনাল খুন।
দুই দম্পতির এক খলনায়ক আর অন্য খলনায়িকার মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছিল প্রথম রিপুর অমোঘ নিদানে।
কোন বিষ প্রয়োগ করা হয়েছিল, কীভাবে দ্বিতীয় খুনের পরিকল্পনা হলো, দ্বিতীয় খুনের ঘটনা কীভাবে প্রথম খুনের রহস্যের কবরের ডালা খুলে দিলো, ময়নাতদন্তের রিপোর্ট কীভাবে হলো, কীভাবে স্বাধীনতার আগে ঔপনিবেশিক ভারতে কণামাত্র বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তায় শুধুমাত্র পুলিশ ও ডাক্তারের সৎসাহসে এতো বড় মাপের চক্রান্তের জাল ছিন্ন করা হলো, কীভাবে অপরাধী কী কী শাস্তি পেলো এইসব জানতে চাইলে পড়ুন গৌরব বাবুর এই বইটি।
অনেক পড়াশোনা করে খেটেখুটে রিসার্চ ও সাহিত্যের মিশ্রণ এর দুই মলাটের মধ্যে।
চমক আছে শেষ কয়েকটি পাতায়। অবৈধ সম্পর্কের জেরে যে পুত্র সন্তান হয়েছিলেন তার কী অদ্ভুত উজ্জ্বল ভবিষ্যৎ। মনে রাখতে হবে অবৈধ বাবার ফাঁসি, অবৈধ মায়ের যাবজ্জীবন।
কোন বানান ভুল চোখে পড়ে নি। রেটিং দেওয়া আমার পছন্দ নয়।
তবু ও গৌরব বাবুর জন্য ৮/১০
বইটি সংগ্রহযোগ্য। ওয়ান টাইম রিড নয়।
Comments
Post a Comment